লিখন রাজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার শামসুজ্জামানের ছেলে রবিন এবং একই এলাকার নবীর মন্ডলের ছেলে জিয়াউল রহমান।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী রাজশাহী অঞ্চল থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও বিক্রির একাধিক অভিযোগ ছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
র্যাব আরও জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে ওই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য স্কাফের একটি বড় চালান নিয়ে ঢাকায় প্রবেশ করেছে এবং রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বাজারজাত করার উদ্দেশ্যে তারা রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com