অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান


মুন্সিগঞ্জ প্রতিনিধি: নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণ শেষে, সংসদ সদস্য হিসেবে প্রথম দিনই সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন মুন্সিগঞ্জ-(৩) আসনের নবনির্বাচিত বিএনপি’র সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।
বুধবার বেলা ১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে জেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন তিনি।
এ সময় আগামী দিনগুলোতে জেলার উন্নয়নের স্বার্থে সব ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন নবনির্বাচিত এ সংসদ সদস্য।
তিনি বলেন,রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে,সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়। ফলে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে, কাজের মাধ্যমে আগামী দিনগুলোতে এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করার প্রত্যয় ব্যক্ত করেন মোঃ কামরুজ্জামান রতন।
তিনি আরও বলেন,ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে সম্মান করা ও সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছেন। নির্বাচনের আগে তিনি কখনও মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেননি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চান না। ফলে ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: বলে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
এর আগে,মত বিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে,তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। মন্ত্রী হওয়া সম্মানের হলেও সেটি তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি বলেও উল্লেখ করেন।



