আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক ঢাল ও জীববৈচিত্র্যের অনন্য ভাণ্ডার সুন্দরবন রক্ষায় সচেতনতা বাড়াতে ১৪ ফেব্রুয়ারী শনিবার পালিত হলো ‘সুন্দরবন দিবস’।
দিবসটি উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ উপকূলীয় বিভিন্ন জেলায় আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও অবৈধ বনজ সম্পদ আহরণ—এসব কারণে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন নানা হুমকির মুখে। প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলকে রক্ষায় এই বন অগ্রণী ভূমিকা রাখছে। তাই সুন্দরবন সংরক্ষণ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন-জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
২০০১ সাল থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি দেশে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। পরিবেশবিদরা মনে করেন, দিবসটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে টেকসই বন ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং দখল-দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, প্রাকৃতিক এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com