রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ১৯৯৬ সালে ৭ম নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। এ দিয়ে তিনি ৭ বার অংশ নিয়ে ৩ বার জয়ের মালা পড়লেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণের পর গণনা শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রাতে বেসরকারিভাবে তাঁকে এমপি ঘোষণা করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে ৭০ হাজার ২১৩ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন, ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন ৭১ হাজার ৪০ এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী ১ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনে মোট ভোট ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭। এরমধ্যে ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৭৮৫টি। বাতিল হয়েছে ৪ হাজার ৪৬৭টি ভোট। সর্বমোট ভোটের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৫২। অর্থাৎ এ আসনে ৫৮ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছে।
জয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মী ও মির্জাপুরের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, এ বিজয় শুধু আমার একার নয়, এটি সারা বাংলাদেশের বিজয়। এ এলাকার মানুষের ভোটের মধ্য দিয়ে যে দায়িত্ব পেয়েছি সেটি আমি সকলের পরামর্শে এবং সাংবাদিকদের সঙ্গে নিয়ে সুন্দর মির্জাপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com