দেশজুড়ে

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে নেওয়া হলো রংপুর মেডিকেলে

সৈয়দপুরে বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলার আমির বেলাল উদ্দীনকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দুপুর ১টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আটকের আগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি কেএম আনওয়ারুল হক কাজল জানান, কাস্টমসের অনুমতি নিয়েই বৈধভাবে তিনি ব্যবসার টাকা বহন করছিলেন। প্রশাসনের ফ্যাসিস্ট কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে হেনস্তার উদ্দেশ্যে তাকে আটক করেছিলে। এখন তিনি আটন নন। এখানে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. হরিপদ সরকার বলেন, ‘উনি হাইপারটেনশনের রোগী। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই মুহূর্তে শারীরিক অবস্থা ভালো আছে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট দেখে আমরা পরবর্তী অবস্থা সম্পর্কে জানাতে পারবে।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ সংবাদমাধ্যমকে বলেন, জামায়াত নেতার সঙ্গে থাকা টাকা শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে টাকা পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

এই বিভাগের আরও সংবাদ