কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোট সামনে রেখে কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সকাল থেকে জেলা শহরসহ কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ টহল শুরু হয়।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইকবাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) সহ প্রশাসনের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা নিরাপত্তা টহলে অংশ নেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সর্বচ্চ নিরাপত্তা কুষ্টিয়াবাসীর জন্য কিভাবে সৃষ্টি করতে পারি বা নিশ্চিত করতে পারি, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মহড়া চলবে। ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে ফেলবো। যাতে সাধারণ মানুষ কোন ধরনের ভয় ছাড়া নির্বিঘ্নে ভোটের সেন্টারে আসতে পারে এবং ভোট দিতে পারে। যে কোন দুষ্কৃতকারী হোক যারা ভোটে বাধা দিবে তাদের বিরুদ্ধে সর্বচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কুষ্টিয়ার চারটি আসনে ১২৫ টির মতো ঝুকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে পেরেছি। এছাড়া আরো ঝুঁকিপূর্ণ কেন্দ্র হতে পারে। আপনারা জানেন প্রত্যেকটি ঝুকিপূর্ণ কেন্দ্রের জন্য সিসিটিভির ব্যবস্থা রয়েছে। পুলিশের বডিঅন ক্যামেরা রয়েছে। আমরা আশাকরি কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দুষ্কৃতকারীরা কোন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারবে না।
এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আপনারা যদি কেউ মনে করে থাকেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনে কোন ধরনের ক্ষতির সমুখীন করবেন সেইটা কারো পক্ষে সম্ভব হবে না। যারা অপ্রিতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। এমন ভাবে তাদের প্রতিহত করা হবে যেটা কারো চিন্তার বাইরে। আমরা প্রশাসনের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে নিরাপত্তার চাদর তৈরী করেছি। এখান দিয়ে কেউ অপকর্ম করার পরিকল্পনা বা চেষ্টা করে, তাদের এই চিন্তা সফল হবে না।
এদিকে তথ্যমতে জানা যায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে এই টহল কার্যক্রম চলমান থাকবে। টহল চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মোড় ও ভোটকেন্দ্রের আশপাশে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। এতে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ফলে এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com