আরফান আলী, শেরপুর: শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) মধ্যরাতে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হারেজ মিয়া (৩২)। তিনি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতার হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। অভিযানের এক পর্যায়ে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে লুট হওয়া শর্টগানটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com