আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ তিন দিনব্যাপী ৮ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি ২০২৬)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং পোলস্ এন্ড কনক্রিট লিমিটেড (পিসিএল), কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড (কেএসএমএল), গ্লোরী পোলস্ লিমিটেড (জিপিএল), সেভেন রিংস সিমেন্ট এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ০৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কনফারেন্সটির আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কনফারেন্স সেক্রেটারী প্রফেসর ড. এইচ এম ইকবাল মাহমুদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন কনফারেন্স চেয়ার ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী, এছাড়া অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন। অনুষ্ঠানে পোলস্ এন্ড কনক্রিট লিমিটেড (পিসিএল), কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড (কেএসএমএল), গ্লোরী পোলস্ লিমিটেড (জিপিএল), সেভেন রিংস সিমেন্ট এর পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
কনফারেন্সে তিন দিনে মোট ৪২টি টেকনিক্যাল সেশনে ৩৩৫ টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সেরা ৪ টি পেপারকে পুরস্কৃত করা হয়। এই সম্মেলনে সরাসরি ও (ভার্চুয়ালি) বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী এবং পরিকল্পনাবিদগণ অংশগ্রহণ করেন। এর আগে কুয়েটে ২০১২ সালে প্রথম, ২০১৪ সালে দ্বিতীয়, ২০১৬ সালে তৃতীয়, ২০১৮ সালে চতুর্থ, ২০২০ সালে পঞ্চম এবং ২০২২ সালে ষষ্ঠ ও ২০২৪ সালে সপ্তম ও ২০২৬ সালে অষ্টম বারের মত ‘আইসিসিইএসডি’ অনুষ্ঠিত হয়।
২০২৮ সালে নবম ‘আইসিসিইএসডি’ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. বদরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী এবং সভাপতিত্ব করেন কনফারেন্সের চেয়ার ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com