ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ, প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। দুর্ঘটনার পর অটোভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোভ্যান চালক মগরিব আলী, যাত্রী মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com