ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে এক নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন জানতে চায়—কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা নিয়ে দেশ ও জনগণের জন্য কাজ করবে। তার মতে, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে, অন্য কোনো দলের সে ধরনের প্রস্তুতি বা সক্ষমতা নেই।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সেই স্বাধীনতা রক্ষায় বহু মানুষ জীবন দিয়েছেন। এখন সেই ত্যাগকে অর্থবহ করতে হলে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, মানুষ তার ওপরই ভরসা করে, যে বিপদের সময় পাশে থাকে—এই গুণ বিএনপির রয়েছে।
তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সিরাজগঞ্জের তাঁতশিল্পের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে এই অঞ্চলের উৎপাদিত তাঁতপণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তিনি। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com