নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান।বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার সর্বজনীন কালীবাড়ী প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জাসাসের আহ্বায়ক প্রবীর বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদ খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, সর্বজনীন কালীবাড়ীর সভাপতি সুহার্থ ঘোষ বাপি, সাধারণ সম্পাদক পঙ্কজ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শিবু পদ, কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব বিষ্ণু।
মতবিনিময় সভায় রাশেদ খান বলেন, “এই দেশে কাউকে সংখ্যালঘু বানিয়ে রাজনীতি করার সুযোগ নেই। ধর্মের নামে ভয় দেখিয়ে ভোট আদায়ের রাজনীতি আর চলবে না।”
তিনি আরও বলেন,
হিন্দু সম্প্রদায়ের যেকোনো সমস্যায় আমি পাশে থাকবো। জনগণের ভোটে নির্বাচিত হলে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবো।সভায় অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com