আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি আহত


কক্সবাজারের টেকনাফে নাফ নদ সীমান্ত আবারও অশান্ত হয়ে পড়েছে। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোঁড়া গুলিতে মাছ ধরতে গিয়েদুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
তারা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
হোয়াইক্যং এলাকার জেলে ইমান হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন—বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ‘নাফ নদে দুই জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
বিজিবির-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে বেলা ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। আহত জেলেরা মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে গুলিবিদ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল জোরদার করা হয়েছে।’
এর আগে, ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে হুজাইফা আফনান নামের এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ছাড়া ১২ জানুয়ারি একই সীমান্ত এলাকায় নাফ নদতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফ নামের এক যুবক গুরুতর আহত হন। সর্বশেষ ২০ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত থেকে ১০টি স্থল মাইন উদ্ধার করা হয়।



