আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বজুড়ে যখন নতুন শিল্পকারখানা গড়ে উঠছে, তখন শিল্পের রাজধানী হিসেবে পরিচিত খুলনায় শিল্প কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে আর কোনো মিল বন্ধ থাকবে না; বরং নতুন মিল ও কারখানা স্থাপনের মাধ্যমে খুলনার শিল্পঐতিহ্য পুনরুদ্ধার করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে খুলনার সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খুলনার জলাবদ্ধতা সমস্যার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এ সমস্যা সমাধানে খুলনাবাসীর সঙ্গে আলোচনা করে অগ্রাধিকারভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, বেকারভাতা দিয়ে মানুষকে অপমান নয়, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে।
নারীদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশে মা-বোনদের মর্যাদা ও নিরাপত্তা—ঘর ও কর্মক্ষেত্রসহ সর্বত্র—নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিশোধ না নেওয়ার অঙ্গীকার তারা রক্ষা করেছে, যা মানুষের আস্থা অর্জনে সহায়ক হয়েছে।
জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনাবাসীর পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিলডাকাতিয়া ও বিলবাদুড়িয়াসহ সব বিলের জলাবদ্ধতা নিরসন, বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন, বন্ধ মিল চালু, পাইপলাইনে গ্যাস সরবরাহ, আধুনিক বিমানবন্দর নির্মাণ এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্পে রূপান্তর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com