মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ, উচ্ছ্বাস আর করতালিতে মুখর ছিল পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হাসান এবং উপজেলা মাধ্যমিক সুপারভাইজার আব্দুল আলিম।
অতিথিরা বলেন, দুইদিনব্যাপী এমন আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
দুইদিন ধরে দৌড়, লং জাম্প, হাই জাম্প, আবৃত্তি, নৃত্য ও সংগীতসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি ও সফলতার আত্মতৃপ্তি।
অনুষ্ঠান সফল করতে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com