মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বহিষ্কার আদেশকে অন্যায় ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে ভোটের মাধ্যমে জবাব দেওয়ার ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে সাইফুল ইসলাম ফিরোজ লেখেন— “আলহামদুলিল্লাহ। অন্যায় ও ষড়যন্ত্রের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতে রাজি জনগণের স্বার্থে। জনগণই ব্যালটে জবাব দিবে ইন শা আল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারী।”
এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সকল পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলার চার ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় বহিষ্কার সত্ত্বেও তার নির্বাচনী অবস্থান ও ফেসবুক স্ট্যাটাস ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা আরও তীব্র হয়েছে।
স্থানীয় রাজনৈতিকদের মতে, বহিষ্কারের পর ফিরোজের এই প্রকাশ্য অবস্থান ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com