সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হলো কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন। জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল পরিভ্রমণের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, আর বক্তব্য প্রদান করেন ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব, বাংলা বিভাগের অধ্যাপক এ.এইচ.এম. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা।
পুরো প্রতিযোগিতার খেলা পরিচালনা করছেন শিক্ষক মোঃ আব্দুর রশীদ (এম.এ ও বিপিএড)। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে কলেজের ২১টি বিভাগ। প্রতিযোগিতার মধ্যে রয়েছে—দৌড়, রিলে দৌড়, লং জাম্প, শট পুট, হাড়িভাঙ্গা ঝুলিতে বল নিক্ষেপ, দ্রুত হাঁটা, বিস্কুট দৌড়, অংক দৌড়, ম্যারাথন দৌড় এবং ‘যেমন খুশি তেমন সাজো’ সহ নানা আকর্ষণীয় খেলা।
উক্ত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা জাগ্রত করার পাশাপাশি শারীরিক সুস্থতা ও দলবদ্ধ কার্যকলাপের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com