ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ, প্রতিনিধিঃ রেলওয়ে সরকারি কর্মচারীদের এক দফা দাবিতে সিরাজগঞ্জে প্রতীকী অনশন বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়ন ও সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের এক দফা দাবিতে সিরাজগঞ্জে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন রেলওয়ে সরকারি কর্মচারীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে রেলওয়ে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাসাভাড়া বৃদ্ধির কারণে কর্মচারীদের জীবনযাপন চরমভাবে কঠিন হয়ে পড়েছে। বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো, সন্তানদের লেখাপড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাই আগামী ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে বৈষম্যহীন নবম পে-স্কেলের আওতায় সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন রেলওয়ে কর্মচারীরা।
প্রতীকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রেলকর্মচারী মো. আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন রায়পুর, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন, ট্রেন সহকারী মো. হাফিজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে স্টেশন সয়দাবাদ, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো.মনিরুজ্জামান, এসএম মো. রেজাউল করিম এবং জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. আব্দুল হালিম।
এ সময় বিভিন্ন স্তরের রেলওয়ে কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com