প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘিরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্ত বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসতে চাওয়া খেলোয়াড়, সমর্থক, পরিবার কিংবা সংবাদমাধ্যমকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভিসা স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর। পর্যটক, ক্রীড়াবিদ, তাদের পরিবার ও সংবাদমাধ্যমকর্মীদের জন্য যে অ অভিবাসী ভিসা দেওয়া হয়, সেটি এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না।
চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সরকারের ভাষ্য, কল্যাণব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আপাতত অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
এই তালিকায় ব্রাজিল, কলম্বিয়া, মরক্কো, ইরান, সেনেগাল, ঘানা, মিসর, আইভরি কোস্টসহ বেশ কিছু দেশের নাম রয়েছে, যাদের অনেকগুলোই ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এতে ওই দেশগুলোর সমর্থকদের মধ্যে আশঙ্কা দেখা দেয়, ভিসা নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধার মুখে পড়তে পারেন কি না।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বিশ্বকাপ উপলক্ষে ভ্রমণকারীরা অ অভিবাসী ভিসার আওতায় পড়েন, তাই তাদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দপ্তরের কর্মকর্তার ভাষ্য, বিশ্বকাপ দেখতে আসা পর্যটক, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা অভিবাসী ভিসার জন্য আবেদন করেন না, ফলে স্থগিতাদেশ তাদের প্রভাবিত করবে না।
তবুও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করছে, এত বড় নীতিগত পরিবর্তনের কারণে বিভিন্ন দূতাবাসে ভিসা প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। তাদের আশঙ্কা, এতে অ অভিবাসী ভিসার ক্ষেত্রেও যাচাই বাছাই আরও কঠোর ও সময়সাপেক্ষ হতে পারে।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র শাখার এক কর্মকর্তা বলেছেন, এমন সিদ্ধান্ত বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ও বৈরী পরিবেশ তৈরি করতে পারে।
উল্লেখ্য, এর আগে গত নভেম্বর ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যৌথভাবে ‘ফিফা পাস’ নামে একটি উদ্যোগের ঘোষণা দেন। এই ব্যবস্থার আওতায় বিশ্বকাপের টিকিটধারীরা দ্রুত ভিসা সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন বলে জানানো হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, কেবল টিকিট থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়; নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘ফিফা পাস’ সংক্রান্ত বিস্তারিত তথ্য চলতি বছরের শুরুতেই প্রকাশ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com