আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনার দাকোপ উপজেলায় ‘কৃষকের নেতৃত্বে জীবিকা উন্নয়ন প্রকল্প’-এর নতুন পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রকল্পের প্রারম্ভ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন মিঠু।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সরাসরি অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। এই প্রকল্প প্রান্তিক কৃষকদের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
সভায় সভাপতিত্ব করেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। তিনি জানান, ২০১১ সাল থেকে বটিয়াঘাটায় বাস্তবায়িত প্রকল্পের অভিজ্ঞতার আলোকে দাকোপ উপজেলার কামারখোলা, দাকোপ ও কৈলাশগঞ্জ ইউনিয়নে কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় উন্নত কৃষি প্রযুক্তি, লবণসহিষ্ণু ফসল চাষ, ধান বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা উপকূলীয় কৃষি অর্থনীতি শক্তিশালী করতে এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com