দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা- করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শনিবার এই রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। আর করাচি থেকে দিবাগত রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
বিমান কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।
সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা-সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। এখন বিমানও সরাসরি ফ্লাইট চালাতে যাচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com