ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ। তিনি জানান, তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ মোট ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনএই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য প্রদানের কারণে।
এ আসনে বৈধ ঘোষিত পাঁচজন প্রার্থী হলেন—
বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াতের ড. কেরামত আলী, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের মূলকপি এবং দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্র জমা দেননি।
এ আসনে বৈধ ঘোষিত চারজন প্রার্থী হলেন—
বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম ইসলামী ও আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন ঋণখেলাপির দায়ে এই আসনে ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ আসনে বৈধ ঘোষিত চারজন প্রার্থী হলেন—
বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের মো. নূরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা আপিল করতে পারবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com