নিজ দেশে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনাকে ‘সশস্ত্র আগ্রাসন’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে রাশিয়া। উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে সতর্ক করেছে দেশটি।
শনিবার (৩ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। এর আগে ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। খবর দ্য মস্কো টাইমস
রাশিয়ার বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটি গভীরভাবে উদ্বেগজনক এবং নিন্দনীয়।’
হামলার ন্যায্যতা দেখানোর জন্য যে অজুহাতগুলি ব্যবহার করা হয়েছে তা ‘ভিত্তিহীন’ উল্লেখ করে রাশিয়া বলছে, ‘নতুন করে উত্তেজনা বৃদ্ধি রোধ করা প্রয়োজন এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার উপর মনোযোগ দিতে হবে।’
‘আমরা মনে করি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। আমরা এতে তাদের সমর্থনের জন্য প্রস্তুত,’ বিবৃতিতে যোগ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ‘লাতিন আমেরিকা শান্তির অঞ্চল হিসেবে থাকা উচিত, যেমনটি ২০১৪ সালে ঘোষণা করা হয়েছিল। ভেনেজুয়েলাকে কোনো ধ্বংসাত্মক ও সামরিক হস্তক্ষেপ ছাড়াই নিজের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।’
বিবৃতিতে রাশিয়ার ভেনেজুয়েলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে, এবং জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বানকেও সমর্থন জানানো হয়েছে।
রাশিয়ার কারাকাস দূতাবাস জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও দক্ষিণ আমেরিকান দেশে থাকা রাশিয়ান নাগরিকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে। দূতাবাস কোনো রাশিয়ান নাগরিক এই হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com