সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলার ৯৫, ৯৬, ৯৭ ও ৯৮ এই চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন চারটি আসনে মোট দাখিলকৃত ৩২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এর মধ্যে বাগেরহাট-১ (চিতলমারী,ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা) আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান, ঋণ খেলাপি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা) আসনে-লিভারের ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রার্থী মোঃ হাসান ইমাম লিটুর মনোনয়ন ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ভোটের তথ্যের গরমিল থাকায় ৫জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, বাতিলকৃত মনোনয়ন প্রার্থীরা নির্বাচন কমিশনে ৫ তারিখ থেকে আপিল করতে পারবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com