আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কেবলস শিল্প লিমিটেড। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্দেশনায় খুলনা ও আশপাশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর রাত ১০টা থেকে খুলনা রেলস্টেশন, নিউমার্কেট এলাকা, খালিশপুর নতুন রাস্তা, দৌলতপুর রেলস্টেশন, ফুলতলা রেলস্টেশন এবং যশোরের নোয়াপাড়া রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতভর চলা এ কার্যক্রমে শীতকষ্টে থাকা মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এর ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ কেবলস শিল্প লিমিটেডের প্রধান কার্যালয়, খুলনায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, সকল মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও বাংলাদেশ কেবলস শিল্প লিমিটেড এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপকারভোগীরা বাংলাদেশ কেবলস শিল্প লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com