মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টেনে তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ প্রশ্ন করে বলেন, গত ৪৩ বছর বিএনপির আদর্শে রাজনীতি করার পর হঠাৎ কেন নির্বাচনের আগ মুহূর্তে উনাকে দল ছাড়তে হলো? দলীয় মনোনয়ন না পাওয়াটাই ছিল উনার পদত্যাগের মূল কারণ। ২০০১ সালে এমপি হওয়ার পর দীর্ঘদিন দলের সুযোগ-সুবিধা ভোগ করলেও, যখন দলের পাশে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি সরে দাঁড়ালেন। অনেক তৃণমূল কর্মী এই পদত্যাগকে 'সুবিধাবাদী রাজনীতি' হিসেবে আখ্যা দিচ্ছেন।
ঈশ্বরগঞ্জ বিএনপির তৃণমূল কর্মীদের মতে, এটি দলের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই স্বতন্ত্র হিসেবে ভোটের প্রস্তুতি নেওয়া প্রমাণ করে যে, তিনি দলের চেয়ে নিজের ব্যক্তি ইমেজ ও ক্ষমতাকেই বড় করে দেখছেন। কর্মীরা বলছেন, "যিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ফরম কেনেন, তার কাছে দলের আদর্শ কখনোই মুখ্য ছিল না।"
স্থানীয়রা মনে করছেন, শাহীনের এই আগাম প্রস্তুতি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, বরং সুপরিকল্পিত। দলের ভোট ব্যাংক ভেঙে প্রতিপক্ষকে সুবিধা করে দিতেই তিনি এই বিদ্রোহী পথে পা বাড়িয়েছেন। ৪৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের শেষে এসে এমন 'পদ-লোভী' আচরণ তার এতদিনের ইমেজকে ধূলায় মিশিয়ে দিয়েছে বলে মনে করছেন অনেকে।
দলীয় পদ ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহীন বলেন, তিনি গত ৪৩ বছর ঈশ্বরগঞ্জের মানুষের জন্য রাজনীতি করেছেন। দলগত পরিচয় না থাকলেও সাধারণ মানুষের সেবায় তিনি আগের মতোই পাশে থাকবেন। অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত কিছু ভাবেননি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com