আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বোরো মৌসুমকে সামনে রেখে জমিতে ধানের চারা রোপণের প্রতিযোগিতা শুরু হয়েছে। আড়িয়ল বিলসহ উপজেলার বিভিন্ন চকে ১০ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। ধান আবাদের কর্মব্যস্তায় দিন পাড় করছেন হাজার হাজার কৃষি শ্রমিক ও কৃষক। এরই মধ্যে শস্যের ভান্ডার হিসেবে সুপরিচিত আড়িয়ল বিলে আগাম ধানের চারা রোপণ শুরু করছেন স্থানীয়রা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কনকনে শীত-ঠান্ডা ও কাঁদামাটি উপেক্ষা করে বীজতলা থেকে ধানের চারা তুলে আবাদি জমিতে রোপণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করা হলেও এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর অংশে ৫ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হচ্ছে।

কয়েকজন শ্রমিক জানান, গৃহস্তের তিন বেলা খাবার খেয়ে ৭শ’ টাকা রোজে কাজ করছেন। জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের অন্যান্য চকের বির্স্তীণ জমিতে ধান আবাদের প্রস্তুতি নিচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। তবে উপজেলার কোন কোন স্থানে কৃষি জমির জলাবদ্ধতায় ধান চাষে বিলম্বনার কবলে পড়তে যাচ্ছেন ভুক্তভোগীরা। জলাবদ্ধতায় জমি চাষের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন, গুরুত্বপূর্ণ খাল, বিল, জলাশয় ও সেতু-কালভার্টের সামনে জমি যত্রতত্র ভরাট ও দখলের কারণে পানি প্রবাহে বড় বাঁধা হয়ে দাড়িছে। এতে দিনদিন কৃষি জমিতে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।
প্রান্তিক ধান চাষীরা জানান, এই অঞ্চলে সিংহভাগ জমিতে হাইব্রিড- ২৯, ২৮ ও ৫২ জাতের ধানের আবাদ করা হচ্ছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে আর ফসলের মাঠ রোগমুক্ত রাখা যায় তাহলে এবারও ধানের আশানুরূপ ফলন পাওয়া যাবে।
আড়িয়ল বিল এলাকার আক্কাস হাওলাদার, দেলোয়ার, হাসেম বেপারী বলেন, পুরোদমে শুরু হয়েছে জমিতে ধানের চারা রোপণের কাজ। এরই মধ্যে কোন কোন জমিতে ধানগাছ সবুজ হয়েছে। চলছে ধানের জমিতে প্রয়োজনীয় পানি সেচ ও পরিচর্যার কাজকর্ম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com