জবি প্রতিনিধি রাফীদ আদ দ্বীন রাঈম: আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে প্রচলিত পোস্টার–লিফলেটের বাইরে গিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব প্রচারণা শুরু করেছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক। পোস্টার বর্জন করে তিনি শিক্ষার্থীদের মাঝে সবজির বীজ বিতরণ করছেন, যা ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ওমর ফারুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি G17 UAC Bangladesh–এর ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে এসডিজি (Sustainable Development Goals) বাস্তবায়নে কাজ করছেন। পাশাপাশি BYLC–এর অধীনে ১৭ দিনের একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পেও কাজ করেছেন। পরিবেশ নিয়ে তার নিজস্ব একটি সংগঠনও রয়েছে।
ওমর ফারুক বলেন,“আমি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করছি। জকসুর মতো একটি প্ল্যাটফর্ম পেলে এই কাজগুলো আরও বড় পরিসরে করা সম্ভব। তাই আমার এই পদে আসার মূল উদ্দেশ্য পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলা।”
নির্বাচনী প্রচারণায় পোস্টার ও লিফলেট ব্যবহার না করে তিনি শিক্ষার্থীদের মাঝে সবজির বীজ বিতরণ করছেন। তার মতে, এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমছে, অন্যদিকে শিক্ষার্থীদের মাঝেও পরিবেশ সচেতনতা তৈরি হচ্ছে। অনেক শিক্ষার্থী এই ভিন্নধর্মী উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তাকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। শুধু প্রচারণায় নয়, ইশতেহারেও রয়েছে বাস্তবভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিশ্রুতি।
তার ঘোষিত ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
ক্যাফেটেরিয়া উন্নয়ন: ক্যাফেটেরিয়ায় কর্মরতদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, ভালো মানের শেফ নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি নিশ্চিত করা। স্বাস্থ্যসম্মত ওয়াশরুম: প্রতিটি ওয়াশরুমে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা নিশ্চিত করা, টিস্যু ও সাবান সরবরাহ এবং প্রত্যেক ফ্লোরে ক্লিনার নিয়োগ।
আধুনিক মেডিকেল সেন্টার: ‘নাপা সেন্টার’ খ্যাত মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করে সেখানে ব্লাড গ্রুপিং, সিবিসি টেস্ট, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার র্যাপিড চিকিৎসা চালু করা। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি: ছাত্রীদের জন্য টিটি ও সার্ভিক্স ভ্যাকসিন এবং ছেলে–মেয়ে উভয়ের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন নিশ্চিত করা, পাশাপাশি ত্রৈমাসিক হেলথ ক্যাম্প আয়োজন।
পোস্টারের পরিবর্তে হাতে থাকা কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালাচ্ছেন ওমর ফারুক। তার ভাষায়,
“প্ল্যাকার্ডে বার্তা সহজে ভিজুয়ালাইজ করা যায়। একই সঙ্গে পোস্টার দূষণ থেকেও আমরা বিরত থাকতে পারছি।”
পরিবেশবান্ধব চিন্তা, ব্যতিক্রমী প্রচারণা এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যাকে গুরুত্ব দিয়ে সাজানো ইশতেহারের কারণে জকসু নির্বাচনে ওমর ফারুকের প্রচারণা ইতোমধ্যেই আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com