বিশেষ সংবাদদাতা : দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ঢাকা-১৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস, এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) দুপুরে উত্তরা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাগর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ডিএনসিসির সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. জামির হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জানান, সংসদীয় আসন ঢাকা-১৮, জনগণের মধ্যে এস, এম জাহাঙ্গীর হোসেনের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। দলের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে গুরুত্বপূর্ণ এই আসনটি বিএনপির শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা তাকে (প্রার্থী)কে মূল্যায়ন করেছে।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী এস, এম জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, একজন প্রার্থী হিসেবে আমি শান্তিপূর্ণ ও একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই স্লোগানকে আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, দীর্ঘ ৩৮ বছরের রাজনৈতিক জীবনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল আমার প্রতি যে আস্থা রেখেছে, জনগণই আগামীতে তার মূল্যায়ন করবে, ইনশাআল্লাহ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com