সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাতঃ উৎসবমুখর পরিবেশে দুবাইতে ডিএক্সবি স্পোর্টস ক্লাবের উদ্যোগে জমকালো বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত। এতে ৬০টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থতা, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা ও মানসিক প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে ডিএক্সবি স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। আল কুসাইসের নিউভিশন ব্যাডমিন্টন একাডেমিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রবাসী ক্রীড়াপ্রেমীদের জন্য এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
প্রবাসজীবনের কর্মব্যস্ততা, পারিপার্শ্বিক চাপ নিরসন ও মানসিক উৎপুল্লতা বৃদ্ধির লক্ষ্যে খেলাধুলা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এমন সময়ে প্রায় ৬০টি দলের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে। আয়োজকরা জানান, কমিউনিটিতে সুস্থ বিনোদন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন, ফিটনেস বজায় রাখা এবং প্রবাসীদের মধ্যে ইতিবাচক পরিবেশ ছড়িয়ে দিতে এ ধরনের ক্রীড়া আয়োজন বড় ভূমিকা পালন করে।
হাফিজ রাসেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএক্সবি স্পোর্টস ক্লাবের সভাপতি ও আল নাযম রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাবেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কনস্যুলার মোঃ আশফাক হোসেন, প্রথম সচিব (প্রেস) মোঃ আরিফুর রহমান, দ্বিতীয় সচিব (এনআইডি) আব্দুল্লাহ আল মামুনুর রশীদ এবং এমিরেটস এয়ারলাইন্সের সিনিয়র ম্যানেজার মোঃ নওশের আলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিএক্সবি স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউএই–এর সভাপতি মীর মহিউদ্দিন। মামুনুর রশীদ, সাবেক সভাপতি বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউএই, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরকান আফতাব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাচির, বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউএই।
স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেব পারফিউমের স্বত্বাধিকারী ফরিদুল আলম, জুয়েল প্রপার্টিজ অ্যান্ড মেইনটেনেন্সের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম জুয়েল, বারকোড রেস্টুরেন্টের এনামুল হক, আল বুরাত কার্গো সার্ভিসের শেখ এম.আর. হোসেইন এবং চৌদ্দগ্রাম রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইলিয়াস সিদ্দিকী।
টুর্নামেন্টের সফলতায় সার্বিক সহযোগিতা করেন জামশেদুল আলম, জিয়াউর রহমান, শামস বাপ্পি, জাহিদুল ইসলাম, সুমন মিয়া, মুশফিক, রাসেল ও ওমর ফারুক।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়— এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সুস্থতা ও দেশপ্রেমের অনুভূতি ছড়িয়ে দেওয়ার এক সফল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com