আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিল এলাকার অসংখ্য ভিটায় চাষ হচ্ছে বিখ্যাত মিষ্টি কুমড়ার। তবে কুমড়ার ভিটায় শ্বেতীর রোগের হানায় ফসলের কাঙ্খিত ফলন না পওয়ার শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। রোগটির বৈজ্ঞানীক নাম মোজাইক ভাইরাস হলেও স্থানীয় কুমড়া চাষীরা এটিকে বলছেন ‘শ্বেতী’। খোলাবাজারে হাইব্রিড জাতের যে কোন কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। যদি কাঙ্খিত ফলন ও বাজার মূল্য মিলে তাহলে দ্বিগুন লাভের আশা করছেন কুমড়া চাষীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আড়িয়ল বিলের গাদিঘাট এলাকার বিভিন্ন ভিটায় কুমড়ার আবাদ। এরই মধ্যে ভিটায় অসংখ্য কুমড়ার উপস্থিতি। তবে অধিকাংশ ভিটায় মোজাইক ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে। এতে ক্ষেতের কোন কোন স্থানে কুমড়া গাছের পাতা হলুদ ছিটছিটে দাগ ও পাতা কুঁচকে মরে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী কৃষকরা প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করেও প্রতিকার পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। তারা বলছেন, শ্বেতী আক্রান্ত হলে ধীরে ধীরে পুরো ভিটায় ছড়িয়ে পড়ছে। কুমড়া গাছের ডগা ও পাতা শুকিয়ে মরে যায়। এতে অসংখ্য অপরিপক্ক কুমড়া ঝড়ে যাচ্ছে। রোগটি দমনে মূলত কার্যকারী কীটনাশক পাচ্ছেন না তারা। তথ্য মতের ভিত্তিতে জানা যায়, লিফ হপার বা ছোট আকৃতির ফড়িং, সাদা মাছি, জাব, জেসিড পোকা মোজাইক ভাইরাসের অন্যতম বাহক। ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক পরিমাণ মত স্প্রে করা হলে অনেক ক্ষেত্রে মোজাইক ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।
গাদিঘাটের সায়েদ বেপারী নামে একজন কৃষক বলেন, কয়েকটি ভিটায় কুমড়ার চাষ করেছেন। শ্বেতীর কারণে কুমড়ার গাছ নষ্ট হয়ে যাচ্ছে। চলতি মৌসুমে শ্বেতী রোগটি বাড়ার আশঙ্কায় দুশ্চিন্তা বাড়ছে তার। দেলোয়ার হোসেন বলেন, প্রায় অর্ধশতাধিক ভিটায় কুমড়ার চাষ করছেন। গত ৬/৭ বছর ধরেই শ্বেতী রোগের আক্রমণ হচ্ছে। গেল বছরও শ্বেতীর আক্রমণে কুমড়ার আশানুরূপ ফলন পাননি তিনি। ওই এলাকার মো. শাহাবুদ্দিন, মো. হারুন, শামসুল হক বলেন, লম্বা ও গোল আকৃতির মিষ্টি কুমড়ার চাষ করছেন।
মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের মিষ্টি কুমড়া স্থানীয়ভাবে খুব বিখ্যাত। উর্বর মাটিতে এজাতের কুমড়ার বিশাল আকার ও উচ্চ ফলনের জন্য পরিচিত। এখানকার কোন কোন ভিটায় কুমড়ার বড় আকার ৮০-১০০ কেজি পর্যন্ত হয়। তবে এখন শ্বেতীর আক্রমণে বিশাল জাতের এসব কুমড়ার আকার অনেকাংশেই ছোট হয়ে আসছে।
স্থানীয়রা বলেন, যদিও বিশেষ এই কুমড়া এখনও জিআই পণ্যের স্কীকৃতি পায়নি। তার পরেও যুগযুগ ধরে গাদিঘাটের বিখ্যাত মিষ্টি কুমড়া আড়িয়ল বিলসহ আদি বিক্রমপুরের ঐতিহ্যবহণ করে আসছে।
জানা গেছে, প্রতি বিঘা কুমড়া চাষে খরচ পড়ে ৮-১০ হাজার টাকা। কুমড়ার কাঙ্খিত ফলন পাওয়া গেলে কয়েকগুন লাভ হয়। আগামী জানুয়ারির মাঝামাঝি দিকে বিখ্যাত সু-স্বাদু মিষ্টি কুমড়ার বাজারজাত শুরু হবে। আড়িয়ল বিলে প্রায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়াসহ মৌসুমী শাক-সবজির আবাদ করা হয়।
শ্রীনগর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আফরোজ মুনিরা জানান, কুমড়ার শ্বেতী রোগটির বিষয়ে জানতে পেরেছি। আমরা খোঁজ খবর রাখছি। কুমড়ার মোজাইক ভাইরাস প্রতিরোধে স্থানীয় কৃষকদের সচেনতা অবলম্বন ও করনীয় সমন্ধে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। গাদিঘাট ব্লকে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি খুব শীঘ্রই যোগদান করবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com