ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়া আসনের বিএনপি'র প্রাথমিক মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান দীর্ঘ প্রায় এক মাস পর তার নির্বাচনী এলাকায় গিয়েছেন।
নভেম্বরের প্রথমে বিএনপি'র প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর মাত্র ২ দিন তার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন।
এর প্রায় দীর্ঘ একমাস পর ১ ডিসেম্বর সোমবার নিজ এলাকায় এসেছিলেন একজন ইউনিয়ন চেয়ারম্যানের জানাজার নামাজে অংশগ্রহণ করতে। জানাজার নামাজ শেষ করে তিনি দ্রুত আবার ঢাকায় চলে আসেন।
কসবা আখাউড়ায় অবস্থানের সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার কর্মসূচি কিংবা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেননি।
দীর্ঘ ১৭ বছর কসবা-আখাউড়ায় অনুপস্থিত ছিলেন কানাডা প্রবাসী মুশফিকুর রহমান। জামায়াতসহ বিএনপির বিরোধীরা তাকে অসুস্থ প্রার্থী বলে প্রচারনা করে আসছে।
মুশফিকুর রহমান প্রাথমিক মনোনয়ন পেয়েও নির্বাচনী এলাকা ফেলে রেখে ঢাকার তার গুলশান বাসায় অবস্থান করছেন। তিনি ভার্চুয়ালি নির্বাচনী সভাতে উপস্থিত থাকেন। কিন্তু কথাবার্তা অনেক সময় অসংলগ্ন বলে থাকেন।
রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের ব্যাপারে দলের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে বিধায় তিনি আর নির্বাচনী এলাকায় যাচ্ছেন না। সাম্প্রতিক ঘটনাবলিতে এর বেশকিছু ইঙ্গিতও মিলছে।
গত ২৭ নভেম্বর তিনি তার গুলশান বাসায় সাক্ষাৎ প্রার্থীদের সাথে নির্বাচনী মাঠ থেকে নিজেকে প্রত্যাহারের সুরে বলেন, আমি নির্বাচন করতে চাইনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো টাকা পয়সা দলের জন্য খরচ করতে পারবো না। এই বয়সে গ্রামে গ্রামে গিয়ে ভোট চাইতে পারবো না। আপনারা নির্বাচন করবেন। আমি কানাডায় বসবাস করি। নির্বাচনে পরাজিত হলে, আবার কানাডা চলে যাবো। সেই ভালো, মেয়ে নাতনি নিয়ে বিদেশে আছি, আমার পরিবার নিয়ে সুখে আছি।
উল্লেখ্য, কসবা আখাউড়া বিএনপির ত্যাগী নেতাকর্মীরা দাবি করেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে একবারের জন্যও তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি চাননি বা তারেক রহমানের উপর যে ধরনের অত্যাচার অবিচার হয়েছে তার কোন প্রতিবাদ করেননি। এমনকি কোন বিবৃতির রেকর্ড ও মুশফিকুর রহমানের রাজনৈতিক ঝুলিতে নেই।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com