মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
আজ (২৯ নভেম্বর) শনিবার বিকাল ০৫ ঘটিকায় পাট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন,
"আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি। তিনি শুধু একটি দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীনতার এক জীবন্ত প্রতীক।"
ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু আরও বলেন, "দেশের এই গণতন্ত্র উত্তরণের সন্ধিক্ষণে, আমাদের নির্যাতিত ও সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য একান্ত কাম্য। আমরা মহান আল্লাহর নিকট তাঁর পরিপূর্ণ সুস্থতা এবং একই সাথে দেশবাসীর কাছে তাঁর জন্য আন্তরিক দোয়া প্রার্থনা করি।"
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দসহ যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বহু সাধারণ সমর্থক এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com