বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক যুগ পর প্লেয়ার্স-ড্রাফটের বদলে আবারও নিলামে ফিরছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
প্রথমে বিপিএল শুরু হওয়ার কথা ছিল ৫টি দল নিয়ে, তবে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে। নিলামের আগেই তারা সরাসরি চুক্তিতে ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়োগ শুরু করেছে।
নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দেশ ট্রাভেলসের। মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে দল শক্তিশালী করতে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে।
দলে সরাসরি চুক্তিতে আনা হয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার-পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ। গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন। এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত করা হবে জনসন চার্লসকে।
বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবং ফাইনাল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অন্য দলগুলোর মালিকানা—রংপুর রাইডার্স: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস: ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী: নাবিল গ্রুপ, সিলেট: ক্রিকেট উইথ সামি, ঢাকা ফ্র্যাঞ্চাইজি: চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
জানা যায়, নিলামের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০-এর বেশি নাম নিবন্ধিত হলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন, আর স্থানীয় ক্রিকেটার হিসেবে তালিকায় রয়েছেন ১৫৮ জন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com