মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সোমবার রাত ৯টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার শিরিশ কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে আসামীবিহীন অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, রাত ১০টার দিকে মাটিলা বিওপির টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা এক নারীকে কারবালা এলাকা থেকে আটক করে। পরে তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার যশোর শাখার নিকট হস্তান্তর করা হয়।
বিজিবির দাবি, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com