সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, মোংলা নাগরিক সমাজ, সম্মিলিত সাস্কৃতিক জোট মোংলা, সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি ও কবির কবর জিয়ারত করা হয়। পরে শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা ও বেলা ১০ টায় হিমেল বরকতের বাসায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাংগনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।
প্রসঙ্গত, ড. কবি হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠাখালি জন্ম গ্রহণ করেন। পিতা- আলহাজ্ব ডাঃ শেখ ওয়ালীউল্লাহ, মাতা আলহাজ্ব শিরিয়া বেগম। বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এখানেই কর্মরত ছিলেন।
এসময় রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত, মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, কবি হিমেলের বাল্যবন্ধু জানে আলম বাবু, মোংলা সম্মিলিত সাংস্কৃতি জোটের প্রচার সম্পাদক বায়জিদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com