রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে।
সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জেন্ট আনিসুর রহমান (Sgt.Anisur Rahman) নামে এক পুলিশ অফিসারের পোস্ট করা স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।
রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে জোরে শব্দ হতে থাকে। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যে থেমে যায়।’
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com