আরফান আলী, শেরপুর:শেরপুর জেলার শ্রীবরদীতে সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের জন্য নতুন একটি উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বিপরীতে এ লাইব্রেরী উদ্বোধন ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রদলের এ ধরণের উদ্যাগ খুবই ইতিবাচক। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, অনেক শিক্ষার্থী বই থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন ব্যস্ততা, ডিভাইসের প্রতি আকর্ষণ কিংবা কর্মজীবনের চিন্তা এসবের মধ্যে বই পড়া অনেকের মাঝে এক ধরনের ফেজ আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে যেতে পারি না বইয়ের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বই শুধু তথ্য দেয় না, বই আমাদের মানুষ হতে শেখায়, চিন্তা শক্তি বাড়ায়, আমাদের নৈতিকতা, মানবিকতা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এমন উদ্যাগ গ্রহণ করার জন্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহান শাহরিয়ার রাফী। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, লাইব্রেরির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিণী ফরিদা হক দিপা, উপদেষ্টা ব্যারিস্টার শাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রুকুনুজ্জামান রুকন, যুগ্ন আহ্বায়ক রফিকুল, সাদ্দাম প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রুকুনুজ্জামান রুকন তার বক্তব্যে বলেন, মুক্ত বুদ্ধি চর্চার জন্যে এ লাইব্রেরিতে দুই শতাধিক বইয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে ইতিহাস, দর্শন, মহান মুক্তি যুদ্ধ, রাজনীতি, জুলাই অভুন্থান, ইসলামিক, বাংলা ও ইংরেজি সাহিত্যের বই আছে। এছাড়া দৈনিক পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্সসহ চাকুরীর খবরপত্রের ব্যবস্থা রাখা হয়েছে।
লাইব্রেরির উপদেষ্টা ব্যারিস্টার শাহাদাৎ হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সেই নেতৃত্বকে শক্তিশালী করতে হলে বইয়ের বিকল্প নেই। বই মানুষের চিন্তা প্রসারিত করে, মনকে মুক্ত করে, আর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এই লাইব্রেরি হবে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র যেখানে একজন ছাত্র, একজন শ্রমিক, একজন কৃষক, কিংবা যে কোনো আগ্রহী পাঠক তার জ্ঞানপিপাসা মেটাতে পারবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com