হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে তুরস্কের বিশেষজ্ঞ দল।
রোববার (২৬ অক্টোবর) ভোরে আট সদস্যের বিশেষজ্ঞ দলটি ঢাকায় অবতরণ করেন।
এরপর এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তুরস্কের বিশেষজ্ঞ দলটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তুরস্কের বিশেষজ্ঞ দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তারা বিমানবন্দরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করবেন। আগুন লাগার কারণ ও বিভিন্ন বিষয়ে তারা মতামত দেবেন।
এর আগে, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেসব দেশ থেকে বিশেষজ্ঞ দল আসবে এবং তারা তদন্ত করবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটেছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন সম্পূর্ণ নির্বাপণ হতে প্রায় ২৭ ঘণ্টা লাগে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com