আবু সাঈদ (সৌরভ), মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি : মুন্সীগঞ্জ শহরে ২০২৪ সালের ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার দায়ে দায়েরকৃত একাধিক মামলার আসামি মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার সাজ্জাত হোসেন সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অনুসরন করে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে চলে যান সাগর। পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন সাগর। গত এক মাস ধরে সাগরকে অনুসরন শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে গতকাল রাতে গ্রেপ্তার হন তিনি।
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মো: ফিরোজ কবির বলেন, আসামীকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাসঙ্গিক, ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সিগঞ্জে কর্মসূচি করতে জড়ো হয় কয়েক হাজার ছাত্র-জনতা। এসময় অস্ত্র-ককটেল নিয়ে তাদের উপর হামলা করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও আহত হন শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলাতে আসামি করা হয়েছে সাজ্জাত হোসেন সাগরকে
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com