এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন নান্দাইল কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা কালে তিনি বলেন, “আমাকে কেউ ‘স্যার’ ডেকে আপনাদের থেকে দূরে সরিয়ে রাখবেন না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ।
রাজনীতি করতে এসেছি জনগণের কাছাকাছি থেকে সেবা করার জন্য, স্যার ডাকা শুনার জন্য নয়। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থেকে ভাগাভাগি করার জন্য। আমার কাছে রাজনীতি মানে সেবা, ক্ষমতার প্রতিযোগিতা নয়।” এ সময় তিনি আরও বলেন, “আমার জীবনের দীর্ঘ সময় সেনাবাহিনীতে কাটিয়েছি দেশের জন্য। এখন অবসর জীবনে নান্দাইলবাসীর কল্যাণে কিছু করতে চাই। আমি রাজনীতিতে এসেছি মানুষের মুখে হাসি ফোটানোর আশায়। জনগণের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতাই আমার সবচেয়ে বড় পুঁজি।”
আনোয়ারুল মোমেন তার সংক্ষিপ্ত বক্তব্যে আরো বলেন, “নান্দাইলের সম্ভাবনা সীমাহীন। এই অঞ্চলের মানুষ পরিশ্রমী, শিক্ষিত এবং উদ্যমী। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো—সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ রয়েছে। আমি চাই, রাজনৈতিক বিভাজন ভুলে সবাই মিলে নান্দাইলের সার্বিক উন্নয়নে কাজ করতে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনি সমাজকে বদলে দিতে পারে। আমি চাই আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে লিখবেন, জনগণের সমস্যাগুলো তুলে ধরবেন। ইতিবাচক সাংবাদিকতা সমাজকে সচেতন ও অগ্রসর করে তোলে।”
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল , সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিক খসরু সহ আরো ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে মুক্ত প্রশ্নের উত্তর দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com