ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগকারী মো. নাজমুল মিয়া (২৪), পিতা আবুল কাশেম, সাং-ভায়াবহ, ইউনিয়ন-মল্লিকবাড়ী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভালুকা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নাজমুল মিয়ার পিতা ২০২১ সালের ১৬ জুন ভায়াবহ মৌজার আরএস খতিয়ান নং-১০১, ১০২, ডিপি-১/১, সাবেক দাগ নং-১৩৫, বিএস দাগ নং-৬২৪ এর ৩৬ শতাংশ জমি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কাছ থেকে সাব-কন্ডলা দলিল নং-৫৭১/২১ এর মাধ্যমে ক্রয় করেন। ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে পরিবারটি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় একদল ভূমিদস্যু দীর্ঘদিন ধরে উক্ত জমি জবরদখলের চেষ্টা করে আসছে। সর্বশেষ গত ১৫ অক্টোবর দুপুরে আসামি আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব, আতাহার আলী, শাহরিয়ার অনন্ত, সাইফুল তালুকদার, হুমায়ন ইসলাম হনু, সেলিম সরকার, আবু মুনসুর, মফিজুল ইসলাম, মমিন ফকির ও নিজাম উদ্দিন নিজুসহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজমুল মিয়াদের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়িঘর, পাকঘর ও গাছপালা ভাঙচুর করে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হামলায় নাজমুল মিয়া, তার মা নাজমা বেগম, বোন নাছরিন আক্তার ও নানি মালেকা বেগম আহত হন। এর মধ্যে নানির মাথায় দা’য়ের কোপে গুরুতর জখম হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগকারী বলেন, “বিবাদীরা বারবার স্থানীয়ভাবে সালিশ-আদালতের রায় উপেক্ষা করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু এখনো তারা আমাদের হুমকি দিচ্ছে।”
এ বিষয়ে ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com