আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, খুলনায় চতুর্থ দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। বুধবার (১৫ অক্টোবর) লাগাতার কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা দিয়ে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন খুলনার মহানগর ও জেলা এমপিও ভুক্ত শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার ৩ দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক -কর্মচারীরা ।
দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন শিক্ষক-কর্মচারীরা। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন তারা।
এরপর সেখান থেকেই শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে তারা শাহবাগে অবস্থান নেবেন। এরপরও প্রজ্ঞাপন না এলে আমরণ অনশনে বসবেন , জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com