গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নতুন সদস্যদের যোগদান উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলের নির্বাচনী প্রতীক মাথাল পরিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদেরকে বরণ করে নেন। গ্রুপ ক্যাপ্টেন (অব) মোঃ খালেদ হোসাইনের নেতৃত্বে ময়মনসিংহের ভালুকা থেকে এক ঝাঁক নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আমরা সবসময়ই বলি সংগঠিত জনগণই ইতিহাসের নির্মাতা। আজকে যারা দেশের পরিবর্তনের জন্য, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য নতুন স্বপ্ন নিয়ে দলে যোগ দিয়েছেন তাদের আমরা স্বাগত জানাই। মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে জনগণের বাংলাদেশ তৈরির লড়াইয়ে আমরা একসাথে কাজ করব।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই মুহূর্তে আমরা যে বাংলাদেশে বসবাস করছি সেখানে মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা নেই। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্য ও মর্যাদা এখানে নেই। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ স্বাধীনতা আনলেও তাদের অধিকার এখানে নিশ্চিত হয়নি। খোদ সরকারি দপ্তরেই আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী নিয়োগের মাধ্যমে চলছে শ্রম শোষণ। প্রত্যেকটা শিশু এখানে শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এরকম বহু বঞ্চনা থেকে মুক্তি পেতে আমরা এখানে মানুষের মুক্তির সংগ্রামে রত আছি। তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায়ের জন্য আমরা মুক্তিকামী সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই লড়াইয়ে যুক্ত হওয়া সকল নতুন সদস্যকে আমরা স্বাগত জানাই।
গ্রুপ ক্যাপ্টেন (অব) মোঃ খালেদ হোসাইন বলেন, আমরা দীর্ঘদিন ধরেই ময়মনসিংহের ভালুকার স্থানীয়দের সাথে আলোচনা করছিলাম কীভাবে পরিবর্তন ও নতুন কিছু করার রাজনীতিতে যোগ দিয়ে দেশের জন্য সত্যিকারের কিছু কাজ করা যায়। তিনি বলেন, বাংলাদেশের কৃষকের প্রতীক মাথাল মাথায় তুলে নিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের কল্যাণে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিজেদের নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর থেকে দলে যোগদানকারী নাহিদা জাহান বলেন, আমাদের দেশের তরুণ ও জেন জি প্রজন্ম এখন পরিবর্তন চায়। আমাদের নিজেদের এলাকায় সম্প্রতি যখন আমরা গণসংহতি আন্দোলনের কাজ করছি, চারিদিক থেকে তরুণদের অসাধারণ সাড়া পেয়েছি। এই সাড়া দেখেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে আমরা কাজ শুরু করেছি।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক কুমার রায়, বাংলাদেশ কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আবদুল আলীম এবং সাংগঠনিক সম্পাদক ও দলের ময়মনসিংহ জেলার সংগঠক শামসুল আলম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব প্রকৌশলী মাহবুব রতন, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সেলিমুজ্জামান, সদস্য সচিব আলিফ দেওয়ান, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ সহ দলের বিভিন্ন শাখা ও গণসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com