চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়। তারা সেখানে বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ কোনো চিত্র গণমাধ্যমে আসেনি।
এর পরিপ্রেক্ষিতে বিবিসি বাংলা তারেক রহমানের কাছে জানতে চেয়েছিল, তাদের মধ্যে সেই বৈঠকে নির্বাচনের বাইরে আর কোনো বিষয় আলোচিত হয়েছে কি না।
জবাবে তারেক রহমান বলেন, ‘উনি একজন স্বনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, জনগণ যদি আপনাদের সুযোগ দেয় তাহলে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য-এই বিষয়গুলো আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ, জনগণ এবং দেশকে নিয়ে আমার কিছু চিন্তাভাবনা, আমরা দেশের মানুষের জন্য কী করতে চাই সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’
বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের ভার্চুয়াল সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, তিনি শিগগির দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নেবেন। কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার পতনের পর বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে রয়েছে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com