খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে।
২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উক্ত হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লিটন খান মাছ বিক্রি করতেন। স্থানীয়রা জানান, চারদিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নিহত লিটন সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়।
বৃহস্পতিবার রাতে স্ত্রী নিজের কর্মস্থলে গেলে লিটন খান বাসায় একা থাকে। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।
ওসি কবির আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com