ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী ধর্মীয়, সামাজিক ও খেলাধুলার মিলনকেন্দ্র হিসেবে পরিচিত বড় মাঠের অস্তিত্ব রক্ষায় স্থানীয়দের উদ্যোগে পরামর্শ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চৌধুরী গোপালপুর বড় মাঠে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বাসিন্দা দিলবর রহমানের সভাপতিত্বে ও জাতীয় যুব পুরুষ্কার প্রাপ্ত তরুণ উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন, পালশা ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবিন, আতিয়ার রহমান ও আবু মনসুর আলী, স্থানীয় বাসিন্দা আব্দুল অহেদ আলী, আদিবাসী যুবক ও খেলোয়াড় সমে ওরাও, রিপন বেসরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন বড় মাঠের ২২ শতাংশ জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডভুক্ত হওয়ায় এর ঐতিহ্যবাহী গুরুত্বের সঙ্গে মিল রেখে মাঠের পূর্ণাঙ্গ ব্যবহার এখন সংকটে পড়েছে। এ বিষয়ে সংকট উত্তরণের উপায় বের করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও এলাকার মুরুব্বিগণ মাঠে জমায়েত হয়ে অতীতের খেলাধুলার স্মৃতি চারণ করেন এবং ঐ মাঠের গুরুত্ব ও ঐতিহ্য রক্ষায় সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারি ভাবে জমি অধিগ্রহণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আন্দোলনের পথেও যেতে হবে।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com