মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে পিআর (Proportional Representation) পদ্ধতি। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এই দাবিকে কেন্দ্র করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শহরের ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো স্কুল মাঠে এসে সমাপ্তি ঘটে। জনসমাবেশে ঝিনাইদহ-৪ আসনের অন্তর্গত ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা। সভাপতির আসনে বসে তিনি বলেন,
> “মানুষ আজ পরিবর্তন চায়। পিআর পদ্ধতি ছাড়া এই দেশে আর কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবু তালেব, সাবেক আমীর ওলিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ আর তাবেদার রাজনীতি চায় না। তারা মনে করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো একক দল ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না এবং গণতন্ত্রকে বন্দি করে ফ্যাসিবাদী শাসন চালু করা যাবে না।
বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতির আলোচনা নতুন কিছু নয়। তবে মাঠে নেমে এ নিয়ে জামায়াতের মতো রাজনৈতিক দল মিছিল করায় বিষয়টি এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। কালীগঞ্জের সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
অনেকে বলছেন, এটি কেবল রাজনৈতিক দাবি নয়—বরং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এক নতুন চিন্তার বীজ বপন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com