পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২১ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আজকের এই আয়োজন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক শিক্ষামূলক উদ্যোগ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের জীবনের জন্য আদর্শ। শিক্ষার্থীরা নবীর আদর্শ অনুসরণ করলে সততা আমাদের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “সীরাতে রাসুল (সা.) কালজয়ী আদর্শ। নবীজীর জীবন বিধান আধুনিক যুগেও সমান প্রাসঙ্গিক। আমাদের প্রত্যেককে সীরাত ও সুন্নাতকে জীবনে বাস্তবায়নের আন্তরিক চেষ্টা চালাতে হবে।”
সভাপতির বক্তব্যে জবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “অতীতে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থীরা গ্রেফতার ও বহিষ্কৃত হয়েছিল। আজকের এই আয়োজন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সুযোগের প্রতিফলন। আমাদের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী মুসলিম, তাই তাঁদের জন্য নবীজীর জীবনাদর্শের আলোচনা একাডেমিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আঃ ছালাম খান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনয়িম খাঁন নবীজীর সীরাত নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি নবী করিম (সা.)-এর জীবনাদর্শ ও সাহাবীগণের জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কিরাত প্রতিযোগিতায় প্রথম হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুহাম্মদ রাকিবুল করিম, নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ভূগোল বিভাগের সুমাইয়া হক বৃষ্টি, রচনা প্রতিযোগিতায় ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামিক ক্যালিওগ্রাফিতে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের নূর এ জান্নাত মিম প্রথম স্থান অর্জন করেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com