কুষ্টিয়া প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, ধর্ম যার' উৎসব সবার। “দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য। শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
সভায় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রসহ ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পূজামণ্ডপসমূহে নিরাপত্তা জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবক দল ও নিয়মিত টহল ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিজলী সংযোগ, স্বাস্থ্যবিধি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি ও পরামর্শ সভায় উপস্থাপন করেন। বিশেষ করে কিছু মণ্ডপে বিদ্যুৎ সংযোগ, সড়ক সংস্কার ও শৌচাগার স্থাপন সংক্রান্ত সমস্যাগুলো জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আশ্বাস দেন, “সব ধর্ম-বর্ণের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও সার্থক করে তুলবো। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার থাকবে। উৎসবকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com