সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার :বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও আদালতের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় জেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি জেলার নয়টি উপজেলাতেও একই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি শেষে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে সোম,মঙ্গল ও বুধবার তিন দিনের হরতালের কর্মসুচির ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ ও অবস্থান কর্মসুচিতে বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন হঠাৎ করে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটি আসন কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ সিদ্ধান্ত বাগেরহাটবাসীর প্রতি চরম অবিচার, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা আরও বলেন, কমিশন যদি এ সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে আন্দোলন আরও তীব্র করা হবে। একইসঙ্গে আইনি কমিটির মাধ্যমে হাইকোর্টে রিট কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তারা।
এরই ধারাবাহিকতায় সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে তিন দিনের হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী কাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বলে হরতাল কর্মসুচি পালন করা হবে। তবে এ সময় শহরের ভেতরে দোকানপাট খোলা থাকবে এবং দুই চাকার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করবে। কিন্তু সরকারি অফিস-আদালত ও বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না, মহাসড়কে থাকবে হরতালের কঠোর কর্মসুচি।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস বলেন, এই সিদ্ধান্ত বাগেরহাটের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করেছে। আমরা ইতিমধ্যে হাইকোর্টে রিট করেছি, পাশাপাশি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের মতামত উপেক্ষা করে আসন সংকোচন করা গণতন্ত্রবিরোধী। কমিশনকে অবিলম্বে এ প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক এম এ সালাম বলেন, একমাত্র বাগেরহাটের ওপরই কেন আসন সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হলো? এটি একটি পরিকল্পিত চক্রান্ত। চারটি আসন পুনর্বহাল না করা পর্যন্ত আমরা কোনোভাবেই ঘরে ফিরে যাব না। শান্তিপূর্ণ আন্দোলন চলছে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন প্রত্যাহার না করে, তবে বাগেরহাটবাসীর বৃহত্তর স্বার্থে টানা কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com